
নিজস্ব প্রতিনিধি
বিকেলের সোনালী আলোয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কড়ুইবাড়ি বাসস্ট্যান্ড মিয়া ভাই মার্কেট সংলগ্ন মাঠে যেন বসেছিল আনন্দ আর উন্মাদনার মেলা। শুক্রবার ১৭ অক্টোবর বিকেলে মরহুম তারু মিয়া মেম্বার স্মরণে ডাবল টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলাকে কেন্দ্র করে গ্রামীণ জনপদের হাজারো মানুষ মাঠে ভিড় জমায়। দুপুরের পর থেকেই খেলার মাঠের চারপাশ মুখরিত হতে শুরু করে ফুটবলপ্রেমীদের পদচারণায়। আশেপাশের গ্রাম থেকে দলবেঁধে ছুটে আসেন তারা, সকলেরই প্রত্যাশা ছিল মাঠে বসে একটি জমজমাট ফুটবল লড়াই উপভোগ করা।
এদিকে খেলা শুরুর অনেক আগেই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকলের চোখে-মুখে ছিল একটি আনন্দময় ফুটবল ম্যাচ দেখার উচ্ছ্বাস। বিকেল সাড়ে চারটায় খেলার শুভ উদ্ধোধন করেন সাংবাদিক এমকে জসিম উদ্দিন।
দুই দলের খেলোয়াড়রা যখন মাঠে নামেন, তখন দর্শকদের মাঝে উত্তেজনা আরো বেড়ে যায়। খেলা শুরু হওয়ার পর থেকেই গোল আদায় করে নেওয়ার জন্য দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। খেলোয়াড়রা যখনই বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যান, দর্শকদের উচ্ছ্বাস আর উন্মাদনা যেন বাঁধ মানতে চায় না। দীর্ঘদিন পর গ্রামীণ পর্যায়ে এমন দর্শকপূর্ণ মাঠে খেলা দেখতে পেরে ফুটবলপ্রেমীরা ছিলেন বেশ আনন্দিত।
সমাজসেবক ও দানবীর হাজী শফিকুল ইসলাম শুক্কুর মিয়ার সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও দানবীর নজরুল ইসলাম নজু।
টুর্নামেন্টের পরিচালক ও জাতীয় পার্টি নেতা হাজী মোহাম্মদ সুমন মিয়ার সার্বিক তত্তাবধায়নে ফাইনাল খেলায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ্যাডভোকেট মেহেদী হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের পরিচালক হাফেজ মোহাম্মদ সানাউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম আজিজুল হক, হাবিবুর রহমান, কবির হোসেন, মনির হোসেন, নসু মিয়া, আব্দু মিয়া, মোহাম্মদ আলাউদ্দিন, মোঃ কিশোরিয়া, মোঃ শহীদ, মোহাম্মদ রহমত।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় ফিরিয়ে আনাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
নির্ধারিত সময়ে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পশ্চিম জাঙ্গাল ফুটবল ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে জাফরপুর সানফ্লাওয়ার স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিরা দুই দলের টিম ম্যানেজার ও অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন। এর মধ্য দিয়েই মরহুম তারু মিয়া মেম্বার স্মরণে ডাবল টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের আনন্দঘন সমাপ্তি হয়।

নিজস্ব প্রতিনিধি 















