
নিজস্ব প্রতিনিধি
বিকেলের সোনালী আলোয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা পূর্ব পাড়া সৈয়দ নজরুল ইসলাম বিপ্লব মাঠে যেনো বসেছিল আনন্দ আর উন্মাদনার মেলা। শনিবার ২৫ অক্টোবর বিকেলে কাইতলা দক্ষিণ ইউনিয়নের যুবসমাজের উদ্যোগে কাইতলা দক্ষিণ ইউনিয়ন লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলাকে কেন্দ্র করে গ্রামীণ জনপদের হাজারো মানুষ মাঠে ভিড় জমায়। দুপুরের পর থেকেই খেলার মাঠের চারপাশ মুখরিত হতে শুরু করে ফুটবলপ্রেমীদের পদচারণায়। আশেপাশের গ্রাম থেকে দলবেঁধে ছুটে আসেন তারা, সকলেরই প্রত্যাশা ছিল মাঠে বসে একটি জমজমাট ফুটবল লড়াই উপভোগ করা।
এদিকে খেলা শুরুর অনেক আগেই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকলের চোখে-মুখে ছিল একটি আনন্দময় ফুটবল ম্যাচ দেখার উচ্ছ্বাস। বিকেল সাড়ে চারটায় খেলার শুভ উদ্ধোধন করেন কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আহমেদ মাসুদ।
গোয়ালী শেখ স্পোর্টিং ক্লাব বনাম সিনামাছি ফুটবল একাদশের দুই দলের খেলোয়াড়রা যখন মাঠে নামেন, তখন দর্শকদের মাঝে উত্তেজনা আরো বেড়ে যায়। খেলা শুরু হওয়ার পর থেকেই গোল আদায় করে নেওয়ার জন্য দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। খেলোয়াড়রা যখনই বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যান, দর্শকদের উচ্ছ্বাস আর উন্মাদনা যেন বাঁধ মানতে চায় না। দীর্ঘদিন পর গ্রামীণ পর্যায়ে এমন দর্শকপূর্ণ মাঠে খেলা দেখতে পেরে ফুটবলপ্রেমীরা ছিলেন বেশ আনন্দিত।
বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সৈয়দ রকিবুল হক ইকবালের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও আহাদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ।
এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সরকার।
ফাইনাল খেলার সার্বিক পরিচালনায় ছিলেন সৈয়দ ইয়াকুব, সৈয়দ সানাউল হক শিবলী, আব্দুল হাদী, সৈয়দ উজ্জ্বল, সৈয়দ গোলাম সামদানী, শেখ জসিম, সৈয়দ আকিব।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় ফিরিয়ে আনাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
নির্ধারিত সময়ে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে দুই দলের কোন গোল না হওয়াই টাইব্রেকারে ফাইনাল খেলায় সিনামাছি ফুটবল একাদশকে হারিয়ে গোয়ালী শেখ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিরা দুই দলের টিম ম্যানেজার ও অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন। এর মধ্য দিয়েই কাইতলা দক্ষিণ ইউনিয়ন লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের আনন্দঘন সমাপ্তি হয়।

নিজস্ব প্রতিনিধি 















