
নরসিংদীর রায়পুরা থেকে কার্গোসহ বিএডিসি’র ডেপ সার ছিনতাই করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও বাজারে বিক্রির সময় হাতেনাতে আটক করেছে নৌপুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে সার বোঝাইবাহী কার্গো জাহাজটিকে আটক করে নরসিংদী রায়পুরা থানার নৌ পুলিশ।
জানা যায়, সরকারি ৬৩৪০টি বস্তা ডেপ সার নিয়ে একটি কার্গো জাহাজ মুন্সিগঞ্জ থেকে মেঘনা নদী দিয়ে সুনামগঞ্জের সরকারি গুদামের উদ্দেশ্যে নেওয়ার সময় নরসিংদী রায়পুরা এলাকায় কার্গোর ৬ জন নাবিককে হাত-পা বেঁধে নদীর পাড়ে ফেলে দিয়ে কার্গো জাহাজটিকে ছিনতাই করে নিয়ে আসে। পরে নারুই, শিবনগর ও নোয়াগাঁও বাজারে এসব ডেপ সার বিভিন্ন ডিলারদের কাছে বিক্রি করতে থাকলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাতেনাতে ধরে ফেলে এবং মালবোঝাই জাহাজটিকে জব্দ করে।
ইতিমধ্যেই কার্গো থেকে প্রায় ১৪শ বস্তা সার আনলোড করা হয় যার মধ্যে শিবনগরে সানাউল্লাহর বাড়িতে ৫০০ বস্তা ও কাইতলা উত্তর ইউনিয়নের সারের সরকারি ডিলার ও নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী মোঃ বোরহান উদ্দিনের গোডাউনে প্রায় ৪০০ বস্তা পাওয়া যায়। বাকিগুলো এখনো হদিস পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গত শুক্রবার (১০ অক্টোবর) থেকে কার্গোটিকে শিবনগরে কিবরিয়ার বাড়িতে (সানাউল্লাহ) সার আনলোড করতে দেখেছি পরে বাজারে বোরহান মিয়ার গোডাউনে আনলোড করে। এরপর থেকে এলাকায় এটাকে ভেসে থাকতে দেখেছি। আমরা ভেবেছি কেউ হয়ত এগুলো কিনেছে।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় একদল নৌ পুলিশ এসে তদন্ত করে গেছে। আমরা এমন কিছু ভাবিনি।
কাইতলা উত্তর ইউনিয়নের সারের সরকারি ডিলার মো বোরহান উদ্দিন মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে
আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। আমার গোডাউনের চাবি নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী এবং সাব ডিলার তোফাজ্জল হোসেন শিবলুর কাছে থাকে এসব কিছু হয়ে থাকলে আমি অবগত নই । আমার কাছে মনে হয় শিবলু আমাকে ফাঁসানোর জন্যই এসব করেছে। আমি এই অপকর্মের সাথে জড়িত শিবলুর বিচার চাই।
এ ব্যাপারে শিবলু বলেন, আমার কাছে বোরহান ভাইয়ের গোডাউনের চাবি থাকত এবং প্রতিদিন সানাউল্লাহ চাবি নিতে আসলে ওনাকে চাবি দেই গতকালও নিতে আসলে আমি তাকে চাবি দেই পরে কি হয়েছে সেটা আমি জানি না। সানাউল্লাহর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করতে চাইলে তাকে পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক 














